মৌলিক অধিকার: সাধারণ বিধান (ভারতবর্ষের সংবিধান)

গণতান্ত্রিক প্রজাতন্ত্র ভারতের সংবিধান

তৃতীয় ভাগ – মৌলিক অধিকার

সাধারণ বিধান

১২. সংজ্ঞা।—এই ভাগে, প্রসঙ্গভেদে ভিন্নতর ব্যাখ্যার প্রয়োজন না হইলে, “রাষ্ট্র” বলিতে ভারতের সরকার ও সংসদ, প্রতিটি রাজ্যের সরকার ও বিধানসভা, এবং ভারতের ভূখণ্ডে অথবা ভারতের সরকারের নিয়ন্ত্রণাধীন স্থিত সকল স্থানীয় বা অন্যান্য কর্তৃপক্ষ অন্তর্ভুক্ত হইবে।

১৩. মৌলিক অধিকারবিরোধী বা তাহার হানিকর বিধিসমূহ।— (১) সংবিধান প্রারম্ভের অব্যবহিত পূর্বে ভারতের ভূখণ্ডে কার্যরত যেই সকল বিধি এই ভাগের বিধানসমূহের সহিত অসামঞ্জস্যপূর্ণ, তাহারা উক্ত অসামঞ্জস্যের পরিমাণে অকার্যকর হইবে।

(২) রাষ্ট্র এই ভাগে প্রদত্ত অধিকারসমূহকে বিয়োজিত করে অথবা সংকুচিত করে এমন কোন বিধি প্রণয়ন করিবে না; আর যদি এমন বিধি প্রণীত হয়, তবে তাহা যতখানি এই বিধানের পরিপন্থী, ততখানি পরিমাণে বাতিল ও অকার্যকর গণ্য হইবে।

(৩) এই অনুচ্ছেদে, প্রসঙ্গভেদে ভিন্নতর ব্যাখ্যার প্রয়োজন না হইলে,— (ক) “বিধি” বলিতে অর্ডিন্যান্স, আদেশ, উপবিধি, বিধি, প্রবিধান, বিজ্ঞপ্তি, প্রথা বা প্রচলন, যাহা ভারতের ভূখণ্ডে বিধির বল প্রাপ্ত, তাহা অন্তর্ভুক্ত;
(খ) “কার্যরত বিধিসমূহ” বলিতে সংবিধান প্রারম্ভের পূর্বে ভারতের ভূখণ্ডে বিধানসভা বা অন্য কোন ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত বা গৃহীত যেই সকল বিধি রহিয়াছে এবং যাহা পূর্বে রহিত করা হয় নাই, উহাদেরকেই বুঝাইবে, যদিও উক্ত বিধি বা তাহার কোন অংশ সম্পূর্ণরূপে কিংবা আংশিকভাবে কার্যকর না থাকিতে পারে।

[১](৪) এই অনুচ্ছেদের কোন কিছু সংবিধানের অনুচ্ছেদ ৩৬৮ অনুসারে প্রণীত কোন সংশোধনের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।


(১) সংবিধান (চব্বিশতম সংশোধন) বিধি , ১৯৭১, ধারা ২ (৫-১১-১৯৭১ ধারা) দ্বারা সংযোজিত।


Leave a Reply

সাহিত্য সম্রাট জার্নাল