১৯২১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ভাষণের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ। ব্রিটিশ রাজপরিবার, ভারতের স্বাধীনতা ও শিক্ষার ভবিষ্যৎ নিয়ে তাঁর দূরদর্শী ভাবনা।
স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ভাষণ
কলকাতা বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তন, ১৯২১
মাননীয় উপাচার্যের ভাষণ
মহামান্য ভাইসরয়, মান্যবর অতিথিগণ ও প্রিয় শিক্ষার্থীরা,
এই বিশ্ববিদ্যালয়ে যখন সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়, তখন উপাচার্য হিসেবে প্রথা অনুযায়ী সম্মানিত ব্যক্তিত্বদের কৃতিত্ব ও অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হয়। কিন্তু আজকের এই অনন্যসাধারণ অনুষ্ঠানে আমরা যাঁর সম্মানার্থে সমবেত হয়েছি—মহামান্য যুবরাজ—তাঁর ক্ষেত্রে এই প্রথা থেকে সরে আসা সঙ্গত। কারণ, আজকের এই ঘটনার তাৎপর্য একাডেমিকের চেয়েও অনেক বেশি—এটি জাতীয় ও সাম্রাজ্যিক গুরুত্ব বহন করে।
আমরা গর্বের সাথে স্মরণ করি, ছেচল্লিশ বছর আগে যখন রানি ভিক্টোরিয়ার প্রিয় পুত্র যুবরাজ আলবার্ট এডওয়ার্ড আমাদের মধ্যে আসেন, তখন এই বিশ্ববিদ্যালয় তাকে প্রথম সম্মানসূচক ডিগ্রি প্রদান করে। ত্রিশ বছর পর তাঁর মহিমান্বিত পুত্র যুবরাজ জর্জ ফ্রেডেরিক আর্নেস্ট আলবার্টও আমাদের সম্মানসূচক ডক্টর অফ ল’ ডিগ্রি গ্রহণে সম্মত হন। আরও ছয় বছর পর, আমাদের মহামান্য সম্রাট ও সম্রাজ্ঞী এই একই স্থানে আমাদের কাছে আসেন, যেখানে আমরা আমাদের গভীর আনুগত্য ও ভক্তি জানাতে পেরেছিলাম। সুতরাং, আজকের এই শুভক্ষণে আমরা যুবরাজকে আমাদের সাধ্যমতো উষ্ণ অভ্যর্থনা জানাতে পেরে গর্বিত।
কিন্তু শুধু রাজকীয় ঐতিহ্যই নয়, ব্যক্তিগত কারণেও আমরা আজ গর্বিত। যুবরাজ তাঁর সংক্ষিপ্ত কিন্তু উজ্জ্বল জীবনে ইতিমধ্যেই আত্মার মহত্ত্বের প্রমাণ দিয়েছেন। শান্তির সময়ে কিংবা যুদ্ধের ময়দানে—সর্বত্রই তিনি কর্তব্যনিষ্ঠা ও সৌজন্যের মাধ্যমে সকলের হৃদয় জয় করেছেন। তাঁর অফুরন্ত শিষ্টাচার, বীরত্ব, অদম্য উদ্যম ও প্রশান্ত চিত্ত সকলকে মুগ্ধ করেছে। কানাডা, অস্ট্রেলেশিয়া, আমেরিকা—এবং নিঃসন্দেহে আমার মাতৃভূমি ভারত—সর্বত্রই তিনি হৃদয় জয় করেছেন।
তিনি ব্রিটিশ জনগণের এক মহান দূত হিসেবে আবির্ভূত হয়েছেন—যাঁরা কমনওয়েলথের প্রতিষ্ঠাতা, প্রগতির অগ্রদূত ও স্বাধীনতার রক্ষক। তাঁর মতোই আমাদের এই একাডেমিও প্রাচীন জ্ঞান সংরক্ষণ ও পাশ্চাত্য বিজ্ঞান চর্চার দায়িত্ব পালন করে আসছে।
ভাগ্যের অদ্ভুত পরিহার! ভারতের ভবিষ্যৎ আজ ব্রিটেনের মতো প্রগতিশীল জাতির সাথে যুক্ত। এর ফলে আমরা একদিকে আমাদের প্রাচীন জ্ঞান ও সংস্কৃতি রক্ষা করতে পেরেছি, অন্যদিকে পাশ্চাত্যের বিজ্ঞান ও প্রযুক্তির সুবিধাও গ্রহণ করতে পারছি। আমরা বিশ্বাস করি, আইনের শাসনে সকলের জন্য সমান সুযোগ ও সমান আশা নিশ্চিত করতে হবে। শিক্ষা ও স্বাধীনতার সমন্বয়েই কেবল মানবসভ্যতার প্রকৃত উন্নতি সম্ভব।
আমি আমাদের মহামান্য সম্রাটের ভাষণ স্মরণ করছি: “আমি চারিদিকে নতুন জীবনের স্পন্দন দেখতে পাচ্ছি”। ভারত আজ সেই সুপ্ত দানবের মতো জাগ্রত হচ্ছে, যে নিজের শক্তিতে আবারও বিশ্বসভ্যতার অগ্রভাগে আসন নেবে। ব্রিটিশ জাতির মহত্ত্বই হবে—ভারতকে সম্মানের সাথে কমনওয়েলথের সমান সদস্য হিসেবে প্রতিষ্ঠা করা।
আমি নিঃসন্দেহে বিশ্বাস করি, ইংরেজ ও ভারতীয়—উভয়েই আত্মমর্যাদাসম্পন্ন ও ন্যায়পরায়ণ। আমাদের একত্রিত হতে হবে আইনের শাসনে স্বাধীনতা রক্ষার জন্য। আমাদের এই মিলনই ন্যায় ও মানবতার বিজয় নিশ্চিত করবে।
অনুগ্রহ করে আমাকে একটি ব্যক্তিগত স্মৃতি স্মরণ করতে দিন। ছেচল্লিশ বছর আগে, যখন প্রথম কোনো যুবরাজকে সম্মানসূচক ডিগ্রি দেওয়া হচ্ছিল, তখন এক তরুণ স্নাতক তাঁর ছোট্ট ছেলেকে সিনেট হলে নিয়ে এসেছিলেন যুবরাজকে এক নজর দেখার জন্য। সেই শিশুটির মনে যুবরাজের জন্য জনতার জয়ধ্বনি চিরদিনের জন্য গেঁথে যায়। ত্রিশ বছর পর, সেই শিশুই সিন্ডিকেট সদস্য হিসেবে দ্বিতীয় যুবরাজকে সম্মানসূচক ডিগ্রি দেওয়ার প্রস্তাবে সম্মতি দেন। আরও ছয় বছর পর, তিনি উপাচার্য হিসেবে সম্রাটের কাছে বিশ্ববিদ্যালয়ের আনুগত্য জানান। আজ, ভাগ্যের অদ্ভুত খেলায়, সেই ব্যক্তিই আপনাদের সামনে দাঁড়িয়ে মহামান্য চ্যান্সেলরকে তৃতীয় যুবরাজকে সম্মানসূচক ডিগ্রি প্রদানের অনুরোধ জানাচ্ছেন।
ধন্যবাদান্তে,
স্যার আশুতোষ মুখোপাধ্যায়
উপাচার্য, কলকাতা বিশ্ববিদ্যালয়
১৯২১
বাংলা অনুবাদ: তন্ময় ভট্টাচার্য (অ্যাডভোকেট)
University of Calcutta Special Convocation Address 1921
Address by Sir Asutosh Mookerjee by Asutosh Mookerjee
শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক জাতিসংঘ ভাষণ (১৯৭৪)
